২০২৬ বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ে এক ভয়াবহ ভুয়া খবরের জেরে উত্তাল আর্জেন্টিনার মিডিয়াপাড়া। আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেল ‘লুজু টিভি’-র বিরুদ্ধে বড় ধরণের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করায় চ্যানেলটি তাদের জনপ্রিয় অনুষ্ঠান ‘এল শো দেল বেরানো’-র সঞ্চালক ফ্লোরেনসিয়া পিনিয়া এবং পুরো প্রোডাকশন টিমকে চাকরি থেকে বরখাস্ত করেছে।
ঘটনার সূত্রপাত যেভাবে
চ্যানেলটির একটি লাইভ অনুষ্ঠানে হঠাৎ করেই সঞ্চালক ফ্লোরেনসিয়া পিনিয়া অনুষ্ঠান থামিয়ে দেন। অত্যন্ত গম্ভীর মুখে তিনি দর্শকদের জানান যে, লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। এখানেই থেমে থাকেননি তিনি; বরং আরও যোগ করেন, বাবার শেষকৃত্যে অংশ নিতে মেসি যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে আর্জেন্টিনায় ফিরে আসছেন। মুহূর্তের মধ্যেই এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
মেসির পরিবারের কড়া প্রতিক্রিয়া
গুজবটি ছড়ানোর পরপরই মেসির পরিবারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। সেখানে স্পষ্টভাবে জানানো হয়, হোর্হে মেসি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থার ইতিবাচক উন্নতি হচ্ছে।
বিবৃতিতে গভীর হতাশা প্রকাশ করে বলা হয়:
"গত কয়েক ঘণ্টায় যে ধরনের দাবি, গুজব ও অনুমানভিত্তিক খবর ছড়ানো হয়েছে, তাতে আমরা গভীরভাবে হতাশ। এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় হওয়া সত্ত্বেও কিছু মানুষ যে সংবেদনশীলতা ও ন্যূনতম বিবেচনার অভাব দেখিয়েছেন, তাতে আমরা অত্যন্ত অসন্তুষ্ট।"
পরিবার আরও জানায়, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য কেবল তাদের মাধ্যমেই পাওয়া যাবে, তাই বাইরের কোনো গুজবকে সত্য বলে গণ্য না করার জন্য অনুরোধ জানানো হয়।
দায় স্বীকার ও ক্ষমা প্রার্থনা
চাকরি হারানোর পর নিজের ভুল বুঝতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে মেসির পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন সঞ্চালক ফ্লোরেনসিয়া পিনিয়া। তবে মিডিয়া জগতে এই ঘটনাটি ভুয়া খবর বা ‘ফেক নিউজ’-এর ভয়াবহতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বকে আরও একবার সামনে নিয়ে এসেছে।
